দিনাজপুরের ফুলবাড়ীতে ২২ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের শরিফুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শরিফুল ইসলাম একই গ্রামের মৃত আবতার হোসেনের ছেলে।
ভুক্তভোগীর মা মুক্তা বানুর অভিযোগ, তিনি মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের চম্পা নামের এক ব্যবসায়ীর বাসায় চুল বাছাইয়ের কাজ করতে যান। সেখানে থাকা অবস্থায় শরিফুল ইসলাম ইশারায় তার মেয়েকে ডেকে একটি ঘরের ভেতরে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, ঘরের ভেতরে নিয়ে শরিফুল ইসলাম ভুক্তভোগীর মুখ চেপে ধরেন এবং জীবননাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
পরে তরুণী ঘর থেকে বের হয়ে ইশারার মাধ্যমে তার মাকে বিষয়টি জানান। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন শরিফুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত শরিফুল ইসলামকে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত শরিফুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন