জয়পুরহাটের পাঁচ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ১৮টি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এসব সেতু চালু হওয়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি এসেছে।
গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্প এবং ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় ১৮টি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এসব সেতু জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলার উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এনেছে।
নির্মিত সেতুগুলোর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় দুটি, পাঁচবিবিতে আটটি, আক্কেলপুরে ছয়টি, কালাইয়ে একটি এবং ক্ষেতলালে একটি সেতু রয়েছে।
নবনির্মিত সেতুগুলোর মধ্যে জয়পুরহাট সদর উপজেলার ৮১ মিটার দীর্ঘ করিমনগর পিএসসি গার্ডার সেতু উল্লেখযোগ্য। এছাড়া পাঁচবিবি উপজেলায় ৯৬ মিটার দীর্ঘ বাগজানা পিএসসি গার্ডার সেতু, ৯০ মিটার দীর্ঘ বড় মানিক পিএসসি গার্ডার সেতু, ৭৫ মিটার দীর্ঘ শিরট্টি পিএসসি গার্ডার সেতু, ৬০ মিটার দীর্ঘ ফেসকা হাট আরসিসি গার্ডার সেতু এবং ৫৭ মিটার দীর্ঘ পাথরঘাটা আরসিসি গার্ডার সেতু নির্মাণ করা হয়েছে।
সেতুগুলো নির্মাণের ফলে আগে খেয়া নৌকায় পারাপার কিংবা দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছানোর যে দুর্ভোগ ছিল, তা অনেকটাই কমেছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ ও নিরাপদ হয়েছে।
পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য দ্রুত বিভিন্ন বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। এতে কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়ছে।
নবনির্মিত এসব সেতু শুধু সড়ক যোগাযোগের দুই প্রান্তকে যুক্ত করেনি, বরং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি করেছে।
গ্রামীণ জনপদকে আরও সংযুক্ত ও যোগাযোগব্যবস্থাকে টেকসই করতে এলজিইডির এসব অবকাঠামো উন্নয়ন কার্যক্রম স্থানীয় মানুষের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: এলজিইডি
মন্তব্য করুন