শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য জানান পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম।
তিনি জানান, জাসদ কার্যালয়ে অবস্থান করা ব্যক্তিদের মধ্যে আনুমানিক দুই শতাধিককে আটক করা হতে পারে। তবে আটকের প্রকৃত সংখ্যা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
ওসি আরিফুর ইসলাম আরও বলেন, জাসদ কার্যালয় সিলগালা করা হয়নি। সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কার্যালয়টিতে তালা দেওয়া হয়।
এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয়।
এদিকে জাসদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ডিএমপি কমিশনার, মতিঝিল জোনের ডিসি এবং পল্টন থানার ওসিকে অবগত করেই প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল।
বিবৃতিতে জাসদ দাবি করে, দলটি নিষিদ্ধ নয় এবং তাদের কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কেন্দ্রীয় প্রতিনিধি সভায় অংশগ্রহণকারীরা সবাই জাসদের পরিচিত নেতা ও সদস্য। সভায় আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কারও প্রবেশের সুযোগ ছিল না বলেও দাবি করা হয়।
জাসদের ভাষ্য অনুযায়ী, এটি ছিল দলের নিজস্ব সাংগঠনিক কার্যক্রম। সভায় জাসদের বিভিন্ন সাংগঠনিক স্তরের প্রায় ৫০০ নেতা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ৩০ জন নারী ছিলেন। পরে পুরো কার্যালয় ঘেরাও করে উপস্থিত সবাইকে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
মন্তব্য করুন