অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে সাধারণ পরিষদ হলে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ১৫ মিনিটের এ ভাষণে তিনি বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি, অগ্রাধিকার ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তুলে ধরবেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। তাঁর ভাষণের জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত রয়েছে।

ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এতে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয় এবং রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এর আগে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে। বিশ্ব নেতাদের সামনে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার আলোকে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়নের অগ্রাধিকার, বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু মোকাবিলায় পদক্ষেপ ও জলবায়ু অর্থায়নের বিষয়ও ভাষণে স্থান পাবে। রোহিঙ্গা সংকটকেও এ সফরের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জাতিসংঘে তারেক রহমানের এ ভাষণের মধ্য দিয়ে তাঁর পরিবারের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের চার দশকের বেশি সময়ের সম্পৃক্ততার নতুন অধ্যায় যুক্ত হবে।

তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন পরিবারের প্রথম সদস্য, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে তিনি বক্তব্য দেন।

ওই ভাষণে জিয়াউর রহমান ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও দেশগুলোর পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মা ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে খালেদা জিয়া মোট পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন। এ ছাড়া ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সভা, ২০০২ সালে শিশুদের বিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশন চলাকালে দুটি পৃথক সভায় তিনি ভাষণ দেন।

বাংলাদেশের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আরও তাৎপর্যপূর্ণ, কারণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন এবং উদ্বোধনী বক্তব্য দেবেন।

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। পাশাপাশি ‘ফ্রম কমিটমেন্ট টু অ্যাকশন: ইন্টিগ্রেটিং মিডওয়াইফ ইনটু প্রাইমারি হেলথ কেয়ার টু ইন্ড প্রিভেন্টেবল মেটারন্যাল অ্যান্ড নিউবর্ন ডেথ’ শীর্ষক উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকও রয়েছে।

সাধারণ পরিষদে ভাষণ শেষে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর থেকে তারেক রহমান বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক উচ্চপর্যায়ের অনুষ্ঠান, দ্বিপক্ষীয় বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

২২ সেপ্টেম্বর প্রতিনিধি দলের প্রধান ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত প্রাতরাশ সভায় অংশ নেন তিনি। পরে ৮১তম সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন।

এদিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমে, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক জনহিতকর ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন তারেক রহমান। একই দিন রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগ দেন। এ ছাড়া ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রে প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়ার আগে ম্যানহাটনে জেপি মরগানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী মৃত শিমুল গাছ, ঝুঁকিতে পথচারী-শিক্ষা

1

আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

2

ইমরান খানের ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গুলি, আহত ৫

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নতুন করে ভাবার আহ্বা

6

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

7

নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারের কাজ শেষ করা হবে: পানিসম্পদ মন

8

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

9

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

10

ছাত্র আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ১ হাজার ৮০০ স্কুল

11

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

12

সাগরে মালয়েশিয়াগামী ৬৫ যাত্রী উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

13

শনিবার বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

14

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

15

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

16

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

17

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

18

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

19

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

20