অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের আহ্বান রাষ্ট্রপতির

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, ঝুঁকিসচেতন নগর পরিকল্পনা এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় অপরিকল্পিত নগরায়ণ রোধ ও ভবন নির্মাণে যথাযথ নিয়ম অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি।


দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিও বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে ঢাকা শহরে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে নগর ব্যবস্থাপনা ও ভবন নির্মাণে আরও সতর্ক হওয়া প্রয়োজন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, অপরিকল্পিত নগর ব্যবস্থার কারণে বিশ্বের বিভিন্ন শহরে দুর্যোগের সময় প্রাণহানি বেড়েছে। কাঠমান্ডু ও তেহরানের সাম্প্রতিক ভূমিকম্পের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত ব্যবস্থা না থাকলে দুর্যোগে প্রাণহানির সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। তাই বাড়িঘর নির্মাণে নিয়ম মেনে চলা, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীদূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, খরা, বজ্রপাত ও ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে বসবাস করছে।

তিনি ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা স্মরণ করেন। এ সময় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ওই ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা এবং এর কারণে একটি রাষ্ট্রকে কী ধরনের মূল্য দিতে হতে পারে, তার গুরুত্বপূর্ণ উদাহরণ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট দুর্যোগ এখন বিশ্বজুড়ে উদ্বেগের বিষয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও এর বিরূপ প্রভাবের বড় ভুক্তভোগীদের মধ্যে দেশটি রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষসহ বিভিন্ন জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনজনিত নানা ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।

স্বাধীনতার পর থেকে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, আশ্রয়কেন্দ্র স্থাপন, স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে দুর্যোগে প্রাণহানি অনেক কমেছে। পাশাপাশি বন্যাসহ বিভিন্ন দুর্যোগে প্রস্তুতি, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার সক্ষমতাও বেড়েছে।

রাষ্ট্রপতি বলেন, শুধু আগাম সতর্কবার্তা প্রদান করলেই হবে না, দুর্যোগের আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করার পাশাপাশি দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সক্ষমতাও অর্জন করতে হবে।

দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সমস্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তাঁদের জন্য এখনো কোনো আইন প্রণয়ন করা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আইন প্রণয়নের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, নদীভাঙন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, অপরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। এসব ঝুঁকি কমাতে পরিবেশদূষণ রোধ, জলাভূমি ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, ঝুঁকিসচেতন নগর পরিকল্পনা এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্যা নিয়ন্ত্রণ ও পানির প্রবাহ ব্যবস্থাপনার লক্ষ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকারও এ কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুর্যোগপ্রবণ এলাকার মানুষের প্রস্তুতির প্রশংসা করে রাষ্ট্রপতি সিলেটের হাওর অঞ্চলের বাসিন্দাদের আগাম সতর্কতা ও প্রস্তুতির কথা উল্লেখ করেন। একই সঙ্গে দুর্যোগের পূর্বাভাস ও সতর্কবার্তা প্রদানে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নিজেদের ঘরবাড়ি নিরাপদ করার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির আওতায় আনতে হবে। জরুরি কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে রাখতে হবে এবং সরকারের আগাম সতর্কবার্তা পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে অংশগ্রহণ, নদী-খাল রক্ষা এবং বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রায় ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এ উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মিলিত উদ্যোগে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘সহনশীলতার সূচনা হোক ঘর থেকে। আসুন, ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলি এবং দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।

এর আগে সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বক্তব্য দেওয়ার আগে তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর

3

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

4

শনিবার বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

5

আফগানিস্তান ম্যাচে মিরাজকে পাওয়ার আশায় বাংলাদেশ, আশাবাদী সিম

6

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত

7

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

8

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

9

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

10

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

11

বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা, ২০২৯ সালে উৎপাদনের লক্

12

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

13

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্র

14

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

15

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

16

পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

17

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

18

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

19

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ, প্রথম চারটিই চীনের

20