বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফ হোসেন মুন্না এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া মুক্তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। একই সঙ্গে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, তারা মুক্তার জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরবর্তী শুনানিতে জামিন পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।
অন্যদিকে, আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আবু সায়েদ বলেন, রাষ্ট্রপক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল এবং জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পঞ্চগড় আদালতের পরিদর্শক (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, আদালতের রিমান্ড মঞ্জুরের আদেশের পর মুক্তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন