ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জামিনে মুক্ত হওয়ার পাঁচ দিন পর ১,৮০০ পিস ইয়াবাসহ নাজির হোসেন (৫১) নামের এক বহিষ্কৃত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত বুধবার রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজির হোসেন হোসেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। চলতি মাসে এর আগে অন্য একটি মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিন পর তিনি পুনরায় ইয়াবা কারবারে জড়িয়ে পড়েন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী জানান, চলতি মাসে প্রথমবার মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পরেই নাজির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়।