রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সিনিয়র স্ট্র্যাটেজিক এডভাইজার আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে একসময় কেয়ার বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল এবং সংগঠনটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করেছে।
রাষ্ট্রপতি কেয়ার বাংলাদেশের কাজের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান।
এ সময় প্রতিনিধিদল জানায়, কেয়ার বাংলাদেশ দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ প্রদান এবং এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে।
তারা আরও জানায়, সংগঠনটি কৃষি প্রকল্প, স্বাস্থ্য ও পুষ্টি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিনিধিদল জানায়, বাংলাদেশে কেয়ার বাংলাদেশের চারটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে সংগঠনটি দেশে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
রাষ্ট্রপতি কেয়ার বাংলাদেশের এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন। কেয়ার বাংলাদেশের পক্ষে সংগঠনটির কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন