অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারের সরলতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, সরকার তার সরলতাকে কাজে লাগিয়ে সবার সঙ্গে নিয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তবে প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে সতর্ক করেছেন তিনি।


শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘তায়কোয়ান্দো ফেডারেশন ক্লাব প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম মনি।

চিফ হুইপ বলেন, সরকারকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। সরকার সরলতা দেখিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছে। তবে সরকার সুদৃঢ় এবং প্রয়োজনে অত্যন্ত কঠোর হতে পারে।

তিনি বলেন, গতকাল একজন সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হয়ে পদত্যাগ করেছেন। তিনি কেন পদত্যাগ করেছেন এবং দলের চেয়ারম্যান অপছন্দ করেন বা দেশের স্বার্থের পরিপন্থী এমন কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন কি না, সেটি বিবেচনার বিষয়। দেশের স্বার্থের বাইরে কোনো কর্মকাণ্ড হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, মানুষ, অর্থ ও সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ ও জীবনযাপনের কৌশলও মানুষের প্রয়োজন। তিনি বলেন, একটি আন্দোলন পাঁচ বছর ধরে চলছে। একটি শিশুর জন্ম নিতে নয় থেকে ১০ মাস সময় লাগে, আর একটি গাছে ফল আসতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে। পাঁচ বছর ধরে আন্দোলন করার পরও কেউ কেউ শুধু গ্যাস-বিদ্যুতের দাবিতে স্লোগান দিচ্ছেন।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, পেট্রলের দাম বেড়েছে। তিন, চার কিংবা পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতেও জ্বালানি প্রয়োজন হয়। গ্যাস ও তেল নিয়ে সংকট তৈরি হলে দুদিন ঈদ করার জন্য পেট্রলের দাম বাড়বে এবং পরে সরকার সামান্য সমন্বয় করে তিন দিনের মধ্যে দাম কমিয়ে দেবে। তিনি জানান, তিন দিন আগে বিপিসিকে তিনি জানতে চেয়েছিলেন, এত হাহাকার থাকার পর ফুয়েল, ডিজেল, পেট্রল, অকটেন ও ফার্নেস অয়েল এত দ্রুত কোথা থেকে এলো।

চিফ হুইপের অভিযোগ, কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরি করছে। বিভিন্ন বাড়ি ও কোনো কোনো দলের নেতার বাড়ি থেকে এসব পণ্য উদ্ধারের কথাও উল্লেখ করেন তিনি। অভিযান চালিয়ে সেসব জায়গা থেকে পণ্য উদ্ধার করা হয়েছে বলেও জানান।

লংমার্চ প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, লংমার্চ করে অরাজক পরিস্থিতি তৈরি করে সেই সুযোগে কাউকে দেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। যারা লংমার্চ করছেন, তারা দেশের ভালো চান নাকি মন্দ চান, সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।

তিনি বলেন, সংসদ খোলা রয়েছে, টেলিভিশনও খোলা। সংসদে দাঁড়িয়ে কথা বললে পুরো দেশের মানুষ তা জানতে পারে। তেলের সংকটের কারণে লংমার্চ করা হচ্ছে বলে যারা দাবি করছেন, তাদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, তেল এলো কোথা থেকে।

ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, ওই সময় তেলের দাম প্রতি ব্যারেল ৮২ ডলার থেকে যুদ্ধের কারণে ২৯১ ডলারে পৌঁছেছিল। সেই বাড়তি দাম কীভাবে সমন্বয় করা হবে, সেটিও বিবেচনার বিষয়। কয়েকদিন আগে সারা বিশ্বে ডিজেলের দাম বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মোটরসাইকেল চালকদের আন্দোলন প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, ডিজেল মোটরসাইকেলে ব্যবহার না হলেও ফেসবুকে মোটরসাইকেল চালকদের তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে মিছিল করতে দেখা যাচ্ছে। এ বিষয়টি জনগণকে বুঝতে হবে বলে মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সমস্যা তৈরি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যাতে অতীতে দেশ লুটপাট করেছে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পরিবেশ নষ্ট করেছে—এমন ব্যক্তিদের আবার ফিরিয়ে আনা যায়। তার দাবি, এসব কর্মকাণ্ড দেশের কল্যাণের জন্য কি না, সে সিদ্ধান্ত জনগণ নেবে।

তিনি বলেন, সরকার সুদৃঢ় অবস্থানে রয়েছে। চাঁদাবাজি বা দখলদারিত্ব—কোনো কর্মকাণ্ডকেই সরকার বৈধতা দেয় না। কেউ পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। সরকারের সরলতার কেউ যেন অপব্যবহার না করেন এবং এটিকে দুর্বলতা হিসেবে না দেখেন—এমন সতর্কতাও দেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, দেশের সমস্যাগুলো সংসদে আলোচনা করে সমাধানের সুযোগ রয়েছে। বিরোধী দলের নেতাদের সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, এ পর্যন্ত বিরোধী দল ২৬ শতাংশ আলোচনার সুযোগ পেয়েছে এবং তিনি ৩১ শতাংশ আলোচনার সুযোগ দিয়েছেন। সংসদে আলোচনার সুযোগ থাকার পরও রাস্তায় অরাজক পরিস্থিতি তৈরি করা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দেশে অশ্লীল ভাষা ও গালিগালাজের একটি সংস্কৃতি তৈরি হয়েছে। ২৪ জুলাইয়ের পর জাতীয় নেতা, এমনকি প্রধানমন্ত্রীকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সহ্যেরও একটি সীমা রয়েছে এবং তা অতিক্রম করলে পরিস্থিতি ভালো হবে না।

তিনি বলেন, সরকার চাইলে অনেক আইন করতে পারে, কিন্তু সবার দিকে তাকিয়ে এবং ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের লক্ষ্যে তা করা হচ্ছে না। স্বাধীনতার ৫৪ বছর পর দেশের মানুষকে স্বাবলম্বী করাই লক্ষ্য। মানুষ যেন খেয়ে-পরে ভালো থাকতে পারে, সেটিই সরকারের প্রত্যাশা।

তারেক রহমান সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উল্লেখ করেন নুরুল ইসলাম মনি। তিনি জানান, এ সুবিধা বাস্তবায়িত হয়েছে এবং বাংলাদেশে ৪৫ লাখ কৃষক এর সুবিধা পেয়েছেন। গতকাল তারেক রহমান কৃষক কার্ড উদ্বোধন করেছেন এবং সারা দেশে দুই কোটির বেশি কৃষককে এ কার্ড দেওয়ার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে তার মা-বোনেরা আড়াই হাজার টাকা করে পাবেন। মসজিদ, মাদরাসা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও পুরোহিতদের সম্মানিত করা হয়েছে এবং সরকারি কোষাগার থেকে তাদের ভাতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তারেক রহমানের জীবনযাপন প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, তিনি দিনরাত পরিশ্রম করেন এবং সাধারণ জীবনযাপন করেন। যে অফিস থেকে শেখ হাসিনা এক বছরে ৩৫ কোটি টাকা খরচ করেছেন বলে তিনি দাবি করেন, সেই অফিসে তারেক রহমান দিনে ১৫০ টাকায় ভাত খান বলে উল্লেখ করেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করতে চান। তিনি যদি অন্যায় করেন, তাহলে তার পাশে না দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আর ন্যায়ের কাজ করলে ইস্পাত-কঠিন শক্তি নিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তারেক রহমানের সরকারি সফর প্রসঙ্গে চিফ হুইপ বলেন, তার গাড়িবহরে তিনটি গাড়ি থাকে, যদিও তিনি চাইলে ৫০টি গাড়ি নিতে পারেন। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৫০টি গাড়ি থাকলেও তিনি তা ব্যবহার করেন না বলে দাবি করেন তিনি। বিদেশ সফরে তারেক রহমানের সঙ্গে সীমিতসংখ্যক লোক যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার দাবি, জাতিসংঘে তারেক রহমান ৩৫ জনকে নিয়ে গিয়েছিলেন, যেখানে এর আগে শেখ হাসিনা ২৮৯ জনকে নিয়ে গিয়েছিলেন। শেখ হাসিনার বিদেশ সফরের বিভিন্ন বিষয়ও উল্লেখ করেন তিনি।

তায়কোয়ান্দো প্রতিযোগিতা প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশের বয়স ২৫ বছরের নিচে। তারেক রহমানের আহ্বানে তরুণরা সাড়া দিয়ে দেশের শক্তি সঞ্চয় ও নিজেদের স্বাস্থ্য গড়ে তুলবে বলে প্রত্যাশা করেন তিনি।

ফেডারেশনের কার্যক্রমে সহযোগিতার সুযোগ থাকলে তা করার আশ্বাস দিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান চিফ হুইপ। প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দেরও শুভেচ্ছা জানান তিনি।

পরে তিনি ‘তায়কোয়ান্দো ফেডারেশন ক্লাব প্রতিযোগিতা’র উদ্বোধন করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

1

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক স

2

বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি নেই, কোপায় ইয়ামাল-কুবার্সি

3

ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

4

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী

5

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

6

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

7

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

8

তেঁতুলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় সাংবাদিকদের আমন্ত্রণ ন

9

এইচএসসি থেকেই চালু হতে পারে পুনঃপরীক্ষা, সুযোগ পাবেন অনুত্তী

10

ফুলবাড়ীতে নরওয়ের রাষ্ট্রদূতের ব্যস্ত দিন, স্কুল পরিদর্শন ও আ

11

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, বাড়ছে বি

12

ইমরান খানের ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গুলি, আহত ৫

13

অক্টোবরেই শুরু হতে পারে ইউপি ভোট, মার্চের মধ্যে শেষ তিন স্তর

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

তেঁতুলিয়াকে পর্যটননগরী ঘোষণার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

16

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প

17

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গ

18

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

19

সরকারের ব্যর্থতায় দেশ আতঙ্কের জনপদ: সিপিবি সভাপতি

20