চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। ফল প্রকাশের তিন মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের বিষয়ে মত দিয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী বা পুনঃপরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা আয়োজনের বিষয়ে সম্মতি জানিয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চলতি বছরের এইচএসসি পরীক্ষা থেকেই নতুন এ ব্যবস্থা চালু হতে পারে।
সোমবার (১২ অক্টোবর) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডে সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি বছরের এইচএসসি পরীক্ষা থেকে এ ব্যবস্থা চালুর বিষয়ে মত দেন বোর্ড চেয়ারম্যানরা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া সম্ভব কি না, তা জানতে চেয়েছিল। বোর্ড চেয়ারম্যানরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে এ পরীক্ষা নেওয়া সম্ভব। তাঁরা পুনঃপরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন।
তিনি জানান, আগামী ২৫ থেকে ২৯ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণদের জন্য পুনঃপরীক্ষা চালু করা সম্ভব হবে। এ বছর থেকে ব্যবস্থা চালু হলে পরবর্তী সময়ে এটি নিয়মিত কার্যক্রমে পরিণত হতে পারে।
এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণদের জন্যও পুনঃপরীক্ষা চালুর বিষয়টি আলোচনায় আসে। তবে এবার কলেজে ভর্তি কার্যক্রম প্রায় শেষ হয়ে যাওয়ায় এসএসসি পর্যায়ে তা চালু করা সম্ভব নয় বলে জানান বোর্ড চেয়ারম্যান।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সোমবারের সভায় শিক্ষা মন্ত্রণালয় পুনঃপরীক্ষা আয়োজনের বিষয়ে বোর্ড চেয়ারম্যানদের মতামত নেয়। পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশ নিতে পারবেন এবং কতটি বিষয়ে পুনঃপরীক্ষা নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়।
কতটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে আলোচনার শুরুতে বাংলা ও ইংরেজি বিষয়ের কথা উঠে আসে। পরে অন্যান্য বিষয়েও পুনঃপরীক্ষা আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পুনঃপরীক্ষার বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাঁদের মতামত দিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ১০ অক্টোবর রাজধানীতে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার উদ্যোগের কথা জানান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ডাকা হয়।
মন্তব্য করুন