ঝালকাঠির রাজাপুরে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আল হাসান রাসেল ও আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাসেলকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইয়াবাসহ যুবদল নেতা জুবায়ের আল হাসান রাসেল ও মো. কামাল হোসেন নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নয়ন (৩৩) দক্ষিণ মনোহরপুর এলাকার মৃত আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে। অন্যদিকে জুবায়ের আল হাসান রাসেল রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ঝালকাঠি জেলা সদরের জালিয়াবাড়ী এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালায় রাজাপুর থানা পুলিশ। এ সময় রাসেল ও নয়নকে আটক করে তল্লাশি করা হলে তাঁদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। বুধবার (৭ অক্টোবর) সকালে তাঁদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে রাসেলের গ্রেপ্তারের পর তাঁকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বুধবার সংগঠনটির পক্ষ থেকে দেওয়া বহিষ্কারাদেশে বলা হয়, আইনশৃঙ্খলা ও সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জুবায়ের আল হাসান রাসেলকে রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন