ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ শহরের মিত্রবাটি এলাকার ‘জোড়া কবর’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত মোবারক আলী পঞ্চগড় জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত কুরবান আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেলস্টেশন অতিক্রম করে শহরের মিত্রবাটি এলাকার ‘জোড়া কবর’ নামক স্থানের দিকে যাচ্ছিল। এ সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মোবারক আলী।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মোবারক আলীকে উদ্ধার করেন। পরে তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মন্তব্য করুন