চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডারের মতো সাদা পাউডার, দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ৯২টি ককটেলসহ বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগানে অভিযান চালানো হয়।
অভিযানকালে বাগানটিতে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডারের মতো পাউডার, দুটি হাঁসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ কারণে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত রাখা হয়েছিল বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন