
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ট্রাফিক পুলিশের গাড়িতে সশস্ত্র হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিতে দুই পথচারী আহত হয়েছেন। হামলার পর পুলিশের গাড়িটি নিয়ে পালিয়ে গেলেও পরে সেটি উদ্ধার করা হয়।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদ বাজার এলাকায় ট্রাফিক পুলিশের একটি গাড়িতে সশস্ত্র হামলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ হামলায় তিন পুলিশ সদস্য নিহত এবং দুই বেসামরিক নাগরিক আহত হন।
প্রাথমিক পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে ডন জানিয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।
হামলায় আহত দুই পথচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হামলার পর অস্ত্রসহ ট্রাফিক পুলিশের গাড়িটি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গ্রাহ বুধা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
হামলাকারীদের আটক করতে প্রধান সড়কসহ বিভিন্ন পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পাশাপাশি তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তিন পুলিশ সদস্য হলেন পীর খালিদ, ওয়ার্ডেন গুল আমিন ও ওয়ার্ডেন সেলিমুল্লাহ। হামলার পর বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থল ঘিরে ফেলেন। একই সঙ্গে শুরু হয় তদন্ত ও সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
তথ্যসূত্র: ডন