
দিনাজপুরের ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২৪৬টি পরিবারের বাসিন্দারা সড়ক পাকাকরণ, পানি নিষ্কাশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও কবরস্থানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ কর্মসূচি পালন করেন প্রকল্পের বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, বাসিন্দা সাইদুর রহমান, ফেরদৌসী আরা, মনজিলা বেগম ও রামপ্রসাদসহ অনেকে।
বাসিন্দারা জানান, উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পে প্রায় ২৪৬টি পরিবার বসবাস করছে। থাকার জায়গা পেলেও দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন সমস্যার সমাধান হয়নি।
তাদের অভিযোগ, খয়েরবাড়ী বাজারগামী মূল পাকা সড়ক থেকে আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার মাটির রাস্তা রয়েছে। বর্ষাকালে কাদা ও পানিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে রিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
বাসিন্দারা জানান, তাদের অধিকাংশই শ্রমজীবী। অনেকেই রিকশা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বর্ষায় রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক সময় তারা এসব যানবাহন নিয়ে বের হতে পারেন না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়তে হয়।
এ ছাড়া সামান্য বৃষ্টিতেই প্রকল্পের বিভিন্ন স্থানে পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয় বলে অভিযোগ করেন তারা। এতে মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি পানিবাহিত রোগের আশঙ্কাও দেখা দিয়েছে বলে জানান বাসিন্দারা।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দাবির মধ্যে রয়েছে—প্রকল্পে প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, একটি স্কুল ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং একটি কবরস্থানের ব্যবস্থা করা।
পাশাপাশি প্রকল্পের আশপাশে থাকা সরকারি জমি চাষাবাদের জন্য ব্যবহারের সুযোগ এবং কর্মহীন বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তারা।
বাসিন্দাদের আরও অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের অনেকেই ফুলবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটার হলেও নাগরিক সুবিধা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। সড়ক, ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন বলেও দাবি করেন তারা।
আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জানান, এসব সমস্যা সমাধানে এর আগে একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।
আবেদনে খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণ, প্রকল্পের ভেতরে পানি নিষ্কাশনের জন্য নদীর সংযোগ পর্যন্ত প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, একটি স্কুল প্রতিষ্ঠা এবং কবরস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
বাসিন্দারা দ্রুত এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।