
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা ও মারপিটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. মেহেদী হাসান হিরা ও তার পরিবারের সদস্যরা।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর আদর্শ কলেজপাড়া গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মেহেদী হাসান হিরা ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান হিরা অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর মাদক বিক্রির প্রতিবাদ করায় একই গ্রামের বুদু মিয়ার ছেলে মো. অহেদুল ইসলাম, মো. আজিজুল ইসলামের ছেলে মো. লাবু এবং মো. বুদু মিয়ার ছেলে মো. অবাইদুল ইসলামসহ কয়েকজন রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।
তিনি বলেন, হামলার সময় তাকে, তার শাশুড়ি মোছা. নারগিছ বেগম, সঙ্গে থাকা মোছা. লাভলী বেগম এবং নারগিছ বেগমের মেয়ে ভাবনা আক্তারকে এলোপাতাড়ি মারপিট করে আহত করা হয়।
মেহেদী হাসান হিরা আরও অভিযোগ করেন, মো. অহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছেন। তার অভিযোগ, কোমলমতি শিশু-কিশোরদের ব্যবহার করেও মাদক বেচাকেনা করা হচ্ছে। এতে এলাকার শিক্ষার্থী ও যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ঘটনার পর বিষয়টি প্রশাসনকে জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা এলাকায় মাদক বিক্রি বন্ধ, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ ন্যায়বিচারের দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।