
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর জন্য ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজশাহীতে এক জনসভায় কম্পিউটারের বোতাম চেপে কৃষকদের মোবাইল হিসাব নম্বরে এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মধ্যে ১২ কোটি টাকা প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আখচাষীদের প্রণোদনা প্রদান অনুষ্ঠান ও জনসভায় কম্পিউটারের বোতাম চেপে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেব। চাপটা দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে আখচাষী ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে।’
তিনি বলেন, আখচাষীদের সহায়তার জন্য সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ ৩৮ হাজার ৯৭০ জন চাষীর কাছে পৌঁছে দেওয়া হবে। কৃষকদের এই সহযোগিতা আখ চাষে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলে কম্পিউটারের বোতাম চাপলে উপস্থিত হাজারো মানুষ সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে ১৫ জন আখচাষীর হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁরা হলেন আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষদেরও উপস্থিতি ছিল।
এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানান।
জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভা শেষে প্রধানমন্ত্রীর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কর্মসূচি ছিল। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা জানানো হয়। রাজশাহীর কর্মসূচি শেষে তাঁর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।