প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুটি স্পিকার

শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ায় দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষকদের এমন কর্মকাণ্ড তাঁদের মর্যাদাকে ক্ষুণ্ন করছে, যা উদ্বেগজনক।
শিক্ষকদের একাংশের দুর্নীতিতে জড়িয়ে পড়ার কারণে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, শিক্ষকদের দুর্নীতিতে সম্পৃক্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডের ফলে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষকদের সামাজিক মর্যাদাও কমে যাচ্ছে।
তিনি আরও বলেন, দুর্নীতি নির্মূল করা সম্ভব না হলে প্রত্যাশিত সমাজ ও রাষ্ট্র গঠন করা যাবে না। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকার একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তরুণদের সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়াই এ সরকারের লক্ষ্য।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং প্রত্যাশাকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দিনের সংবাদ অনলাইন