
সরকারি চাকরিজীবীদের জন্য ৪২ ধরনের ভাতা ও সুবিধা নির্ধারিত শর্তে আয়করমুক্ত রাখা হয়েছে। তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকায় এসব বিষয়ে উল্লেখ রয়েছে।
সরকারি চাকরিজীবীরা মূল বেতনের পাশাপাশি পদ, দায়িত্ব ও চাকরির ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ভাতা ও আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধার মধ্যে ৪২ ধরনের ভাতা ও সুবিধা নির্ধারিত বিধি ও শর্ত অনুযায়ী আয়করমুক্ত রাখা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব ভাতার ওপর আয়কর দিতে হবে না।
করমুক্ত ৪২ ধরনের ভাতা ও সুবিধা
আয়কর নির্দেশিকায় করমুক্ত ভাতা ও সুবিধার তালিকায় রয়েছে—চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স, ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।
তবে তালিকাভুক্ত ভাতা ও সুবিধাগুলো করমুক্ত হিসেবে গণ্য হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান ও নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।
যেসব আয়ের ওপর আয়কর দিতে হবে
এনবিআরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর প্রযোজ্য নিয়মে আয়কর দিতে হবে।
অর্থাৎ, নির্দিষ্ট কিছু ভাতা করমুক্ত হলেও সরকারি চাকরিজীবীদের সব আয় করের আওতামুক্ত নয়। আয়কর রিটার্ন দাখিলের সময় কোন আয় করযোগ্য এবং কোন ভাতা করমুক্ত, তা সংশ্লিষ্ট অর্থবছরের নির্দেশিকা ও প্রযোজ্য বিধান অনুসারে নির্ধারণ করতে হবে।